৭৫ বছর বয়স হলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরে যাবেন এটা যদি দিল্লির মুখ্যমন্ত্রী ভেবে থাকেন তাহলে তিনি খুব বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক কেজরিওয়ালের বক্তব্যের জবাবে শনিবার অমিত শাহ সাংবাদিকদের এ কথা বলেন।
এর আগে গত শুক্রবার কারাগার থেকে মুক্তি পান কেজরিওয়াল। মুক্তি পাওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যতে অমিত শাহ যাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন, সেই পটভূমি তৈরি করছেন মোদি।
কেজরিওয়াল বলেন, এই লোকেরা ‘ইন্ডিয়া’ জোটের প্রধানমন্ত্রী মুখ সম্পর্কে প্রশ্ন করে। তিনি বিজেপিকে প্রশ্ন করতে চান, তাদের প্রধানমন্ত্রী কে হবেন? আগামী বছরের ১৭ সেপ্টেম্বর মোদির বয়স ৭৫ হবে। তিনি নিজেই ২০১৪ সালে নিয়ম করেছিলেন যে ৭৫ বছর বয়সী লোকদের অবসর দেওয়া হবে। তারা এল কে আদভানি, মুরলি মনোহর যোশি, সুমিত্রা মহাজনকে অবসরে পাঠিয়েছে। মোদি আগামী বছর অবসর নেবেন। তিনি অমিত শাহকে প্রধানমন্ত্রী করার জন্য ভোট চাইছেন। অমিত শাহ কি মোদির গ্যারান্টি পূরণ করবেন?
কেজরিওয়ালের এই কটাক্ষের উত্তরে অমিত শাহ বলেন, বিজেপির সংবিধানে এমন কিছুর (৭৫ বছরের বয়সসীমা) উল্লেখ নেই। প্রধানমন্ত্রী মোদি এই মেয়াদ শেষ করতে চলছেন। প্রধানমন্ত্রী মোদি ভবিষ্যতেও দেশকে নেতৃত্ব দেবেন। বিজেপির মধ্যে এ বিষয়ে কোনো বিভ্রান্তি নেই।
তিনি বলেন, কেজরিওয়ালকে নির্বাচনী প্রচার চালানোর জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তিনি সুপ্রিম কোর্টে আরজি জানিয়ে বলেছিলেন, তাঁকে গ্রেপ্তার করাটা ঠিক ছিল না। কিন্তু সুপ্রিম কোর্ট এ বিষয়ে একমত হননি। কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে ১ জুন পর্যন্ত। তাঁকে ২ জুন আত্মসমর্পণ করতে হবে।


