
সোমবার সকালে কর্ণাটকের বেলাগাভি জেলার সান্তি বাস্তওয়াড় গ্রামে হঠাৎ করেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়। গ্রামের এক নির্মাণাধীন মসজিদ থেকে তিনটি কোরান শরীফ ও হাদিস চুরি করে পুড়িয়ে ফেলা হয়। ঘটনাটি জানাজানি হতেই গ্রামের মুসলিম সম্প্রদায়ের স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়েন।
অন্যদিকে স্থানীয় মানুষ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ঘটনার কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের ২ দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানান। এরপর শত শত মানুষ সান্তি বাস্তওয়াড় থেকে রানী চেন্নাম্মা সার্কেল পর্যন্ত ৮ কিমি র্যালি করে প্রতিবাদ জানায়।

পুলিশ জানায়, রবিবার রাতে কোনো ব্যক্তি ওই ধর্মীয় স্থাপনার ভেতরে ঢুকে ধর্মগ্রন্থগুলি নিয়ে যায়। পরের দিন সকালে নামাজ পড়তে এসে মানুষজন গ্রন্থগুলি না পেয়ে খোঁজ শুরু করে এবং কিছু দূরে পোড়ানো অবস্থায় তা খুঁজে পায়।
ঘটনার পর স্থানীয় সব সম্প্রদায়ের নেতাদের নিয়ে শান্তি বৈঠক হয়। বেলাগাভি পুলিশ কমিশনার ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কড়া নিরাপত্তার ব্যবস্থা করেন।


