রাজস্থানের বানসওয়াড়া জেলায় সম্প্রতি তাবলিগি জামাতের ১২ জন সদস্যকে আটক করাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গুজরাটের গোধরা থেকে আসা তাবলিগি জামাতিরা কয়েক দিন ধরে বাগিদোরা টাউন এলাকায় অস্থায়ী ভাবে অবস্থান করছিল।
৬ ফেব্রুয়ারি বাগিদোরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, ১০-১২ জন জামাতি দুই দিন ধরে রাস্তায় রাস্তায় বেরিয়ে রমজানের আগে ইসলাম ধর্ম সম্পর্কে সচেতন করছিলেন এবং এতে স্থানীয় মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছিল। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে খবর, একটি মসজিদের সংলগ্ন এলাকাতে ওই ব্যক্তিদের খুঁজে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের তাবলিগি জামাতের সদস্য বলে পরিচয় দেন। তাদের দাবি ছিল, রমজান মাসের আগে গ্রামে ইসলাম সম্পর্কে সচেতনতা বাড়াতে এসেছিলেন তারা।
এরপর তাদের থানায় নিয়ে গিয়ে আটক করা হয়। পরে আদালতে তোলা হলে জামিন মেলে বলে জানা যায়। তাবলিগি জামাত একটি সুপরিচিত ধর্মীয় সংগঠন, যা মূলত ধর্মীয় শিক্ষা ও প্রচারের কাজ করে। ১৯২৬ সালে ভারতে এই সংগঠনের সূচনা হয়। বিশ্বের বহু দেশে তাদের সদস্যরা ধর্মীয় বার্তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী সফরে যান।
জামিনের পর রাজস্থান পুলিশ ওই ১২ জন তাবলিগি জামাতীদের গুজরাট সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় এবং সেখান থেকেই তাদের রাজ্য ছাড়তে বলা হয়।


