দুই শিষ্যাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০ বছরের কারাদণ্ডে সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং আবারও প্যারোলে মুক্তি পেলেন। সোমবার হরিয়ানার রোহতকের সুনারিয়া জেল থেকে ৪০ দিনের জন্য বাইরে আসেন তিনি। এর ফলে গত আট বছরে মোট ৪০৫ দিন কারাগারের বাইরে থাকছেন রাম রহিম, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
জেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল প্রায় পৌনে বারোটা নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে একটি গাড়িতে করে সুনারিয়া জেল চত্বর ছাড়েন রাম রহিম। তার যাত্রাপথে ছিল কঠোর পুলিশি নজরদারি। মুক্তির পর তিনি সিরসায় অবস্থিত ডেরা সচ্চা সৌদা আশ্রমে যান। ডেরার পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারোলের সময়কাল তিনি আশ্রমেই কাটাবেন এবং বাইরে জনসমক্ষে কোনও কর্মসূচিতে অংশ নেবেন না।
এই নিয়ে আট বছরের মধ্যে প্রায় ১৫ বার প্যারোলে বা সাময়িক ছুটিতে জেল থেকে বেরোলেন রাম রহিম। প্রতিবারই বিষয়টি ঘিরে প্রশ্ন উঠেছে নানান মহলে। বিশেষ করে দেখা গেছে, বহু ক্ষেত্রে বিভিন্ন নির্বাচনের ঠিক আগে তিনি ছুটি পেয়েছেন। এর আগেও একাধিকবার বিধানসভা নির্বাচনের সময় প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাকে, যা রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে আশ্রমের ভিতরে দুই শিষ্যাকে যৌন নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত হন রাম রহিম। আদালত তাকে ২০ বছরের কঠোর কারাদণ্ড দেয়। সেই সময় থেকেই তিনি রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন। অন্যদিকে, ডেরার এক সদস্য খুনের মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলেও পরবর্তী সময়ে উচ্চ আদালত থেকে তিনি স্বস্তি পান। বারবার প্যারোলে মুক্তি পাওয়াকে কেন্দ্র করে একদিকে যেমন সমালোচনা চলছে, তেমনই সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠছে কোন নিয়মে এতবার জেল থেকে বাইরে থাকার সুযোগ পাচ্ছেন তিনি।


