মক্কার পবিত্র কাবা শরিফের দৃশ্য সাধারণত দেখা গেল পৃথিবীর বহু ওপরে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে। নাসার মহাকাশচারী ডন পেটিট তার চতুর্থ আইএসএস মিশনে অবস্থানকালে এমন এক মুহূর্ত ক্যামেরায় ধরেছেন, যা দেখার পর সারা বিশ্বে আলোড়ন তৈরি হয়েছে। পেটিট তার সমাজ মাধ্যমে যে ছবি প্রকাশ করেছেন, তাতে মক্কার অসংখ্য আলোর মাঝখানে একটি ছোট উজ্জ্বল বিন্দু স্পষ্ট দেখা যায়। সেটিই কাবা শরিফ। অন্ধকার রাতে শহরের চারদিকে ছড়িয়ে থাকা আলোকে পেছনে ফেলে কাবা যেন আলাদা একটি দীপ্তি ছড়াচ্ছে। মহাকাশ থেকে যে জায়গাটি এত স্পষ্ট বোঝা যায়, তা দেখে অনেকেই বিস্মিত হয়েছেন।
মহাকাশ স্টেশনের কিউপোলা উইন্ডো দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরার সাহায্যে ছবিটি ধারণ করেন পেটিট। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার গতিতে ছুটে চলা আইএসএস থেকে এমন পরিষ্কার ছবি তোলা তার দক্ষতারই প্রমাণ। কাবা শরিফ মূলত ঘনক আকৃতির এক স্থাপনা, যার ওপর থাকে কালো কিসওয়াহ কাপড়। এর চারপাশে স্থায়ীভাবে জ্বলে থাকা শক্তিশালী আলো এবং আশপাশের স্থাপনার আলোকরশ্মি মিলিয়ে এটি খালি চোখেও উজ্জ্বল দেখায়। মহাকাশ থেকে তোলা ছবিতে এই আলোর প্রতিফলন আরও স্পষ্ট হয়ে ওঠে। মক্কার বিস্তৃত এলাকার প্রচুর আলোতে শহরটিকে আকাশ থেকে এক উজ্জ্বল চক্রাকার অঞ্চলে রূপ দেয়, আর তার কেন্দ্রে সবচেয়ে উজ্জ্বল বিন্দুটি হয়ে ওঠে কাবা।
ছবি প্রকাশের পরই সামাজ মাধ্যমে বিস্ময় আর প্রশংসার ঢল নামে। কেউ এটিকে অবিশ্বাস্য দৃশ্য বলেছেন, কেউ বলেছেন, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো মুহূর্ত। এর আগে ডন পেটিট পৃথিবীর নানা অপূর্ব স্থানের ছবি তুলে প্রশংসা কুড়িয়েছেন, তবে মক্কার এই অনন্য ঝলক তার কাজের তালিকায় অন্যতম বিশেষ সংযোজন হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


