দিল্লি বিধানসভায় বাজেট অধিবেশনের সময় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর এক বক্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। মঙ্গলবার বিধানসভায় ভাষণ দিতে গিয়ে তিনি স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের প্রসঙ্গ তোলেন। সেখানেই তিনি এমন একটি মন্তব্য করেন, যা নিয়ে বিরোধীরা তীব্র সমালোচনা শুরু করেছে।
বিধানসভায় প্রায় দেড় ঘণ্টার ভাষণের এক পর্যায়ে মুখ্যমন্ত্রী বলেন, ভগৎ সিং, রাজগুরু ও সুখদেব বধির কংগ্রেস সরকারের বিরুদ্ধে বোমা নিক্ষেপ করেছিলেন। এই মন্তব্যের ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে। আসলে তিনি ১৯২৯ সালে কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিং ও বটুকেশ্বর দত্তের বোমা নিক্ষেপের ঘটনার কথা বলতে গিয়ে কংগ্রেস সরকার এর নাম উল্লেখ করেন। ভাষণের আগে মুখ্যমন্ত্রী দিল্লির ইতিহাস নিয়ে কথা বলেন এবং পৃথ্বীরাজ চৌহানের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের প্রসঙ্গও তোলেন। তবে স্বাধীনতা আন্দোলনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে এমন ভুল উচ্চারণ ঘিরেই বিতর্ক দানা বাঁধে।
এই মন্তব্যের পরেই বিরোধী আম আদমি পার্টি কড়া প্রতিক্রিয়া জানায়। বুরারি বিধানসভার বিধায়ক সঞ্জীব ঝা সামাজিক মাধ্যমে লেখেন, দিল্লি বিধানসভায় ইতিহাসের একটি নতুন সংস্করণ তুলে ধরেছেন। তার কথায়, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা শহিদদের এখন কংগ্রেস সরকারের বিরুদ্ধে বোমা ছোড়া হিসেবে দেখানো হচ্ছে।
দিল্লি আপ প্রধান সৌরভ ভরদ্বাজও মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, এই বক্তব্যে দেশ লজ্জিত হয়েছে। ভরদ্বাজের দাবি, স্কুলের ছাত্রছাত্রীরাও জানে যে ভগৎ সিং ১৯২৯ সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন।


