সংসদে বন্দে মাতরম ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার সময় বিজেপি অভিযোগ তোলে যে কংগ্রেস জাতীয় গানকে অপমান করেছে। তবে অভিযোগ মানতে নারাজ কংগ্রেস। পালটা আক্রমণে তারা বিজেপি ও আরএসএসের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে।
কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সংসদে বলেন, আরএসএস ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হলেও স্বাধীনতার আগে তারা কখনও বন্দে মাতরম গায়নি। তার অভিযোগ, স্বাধীনতার লড়াই যখন সমগ্র ভারতে তুঙ্গে ছিল, তখন মানুষ জাতীয় গান গেয়ে রাস্তায় লাঠি খেয়েছে, জেলে গেছে, কিন্তু সেই সময়ে বিজেপি বা আরএসএসের কোনো নেতার নাম দেখা যায় না। তিনি বলেন, বিজেপি ইতিহাস না জানিয়ে, মানুষের সামনে ভুল তথ্য তুলে ধরে বিভ্রান্ত করতে চায়। কংগ্রেস নেতা পাপ্পু যাদবও বিজেপির অভিযোগ সরাসরি খারিজ করেন। তিনি বলেন, বিজেপির স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না, তারা না আন্দোলনে ছিল, না কারাবন্দি হয়েছে। বরং তিনি প্রশ্ন তোলেন, গান্ধিজি হত্যার ঘটনায় কারা জড়িত ছিল, নেতাজিকে অপমান করেছিল কারা, আর স্বাধীনতার সময় ইংরেজদের সঙ্গে কারা সখ্য গড়েছিল। এই সব প্রশ্নে সংসদের ভেতরে চাপ বাড়ে। বন্দে মাতরম বিতর্কে কংগ্রেসের তীব্র পাল্টা যুক্তিতে কিছুটা কোণঠাসা অবস্থায় পড়ে বিজেপি।


