এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানিকে ঘিরে নথি সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ফের কড়া বার্তা দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নথি নয়। এরপর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেন।তিনি জানান, যারা শুনানির সময় শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছিলেন, তাদের আবার ডাকা হবে। চাইলে তারা বিকল্প বৈধ নথি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের কাছে পাঠাতেও পারবেন। তবে যেসব আবেদনকারী অ্যাডমিট কার্ডের পাশাপাশি অন্য বৈধ কাগজ জমা দিয়েছেন, তাদের পুনরায় হাজিরা দিতে হবে না।নির্বাচন দপ্তরের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ২০২৫ সালের ২৭ অক্টোবর জারি হওয়া বিজ্ঞপ্তিতে যখন অ্যাডমিট কার্ডের কথা উল্লেখই ছিল না, তখন কীভাবে কিছু আধিকারিক সেই নথি গ্রহণ করলেন। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্মীদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হবে। কমিশনের নির্দেশ অমান্য করার কোনও সুযোগ নেই বলেও স্পষ্ট করে জানানো হয়েছে। নির্দেশ না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া কমিশন জানিয়েছে, কোনও ভোটার চাইলে নিজের বিধানসভা এলাকা বাদ দিয়ে অন্য ভোটারদের বিরুদ্ধে সাত নম্বর ফর্ম জমা করতে পারবেন, তবে উপযুক্ত প্রমাণপত্র দিতে হবে। এই ক্ষেত্রে প্রথমে অভিযোগকারীকে শুনানিতে ডাকা হবে। তার দেওয়া তথ্য ঠিক থাকলে, যার বিরুদ্ধে অভিযোগ সেই ব্যক্তিকে ডাকা হবে। দ্বিতীয় ব্যক্তি তথ্য প্রমাণে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তার নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। বুথ লেভেল অফিসাররাও প্রয়োজনীয় কাগজ সহ সাত নম্বর ফর্ম জমা দিতে পারবেন। একজন বুথ লেভেল এজেন্ট একসঙ্গে সর্বাধিক ১০টি ফর্ম দিতে পারবেন।অন্যদিকে, এসআইআর শুনানিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে, তা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের শীর্ষ প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ রাজ্য সরকারের। কোনও অপ্রীতিকর ঘটনার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে না বলে জানিয়েছেন।
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর গ্রহণযোগ্য নয়!এসআইআর শুনানিতে নথি নিয়ে কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন
Popular Categories


