এবার বেসরকারি হাসপাতালের মতো এসএসকেএম হাসপাতালেও চিকিৎসার জন্য ভর্তি হতে গেলে দিতে হবে টাকা। সোমবার এসএসকেএম-এর নতুন দ্বিতীয় উডবার্ন ব্লকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দশতলা নতুন ভবনে থাকছে ১৩১টি বেড, সিঙ্গল কেবিন, এইচডিইউ, আইসিইউ-এর মতো আধুনিক চিকিৎসা পরিষেবা।
নির্দিষ্ট টাকা দিয়ে এই ব্লকে ভর্তি হতে পারবেন রোগীরা বলে জানা গিয়েছে। সিঙ্গল কেবিনের দৈনিক ভাড়া ৫০০০ টাকা, স্যুটের ভাড়া ৮০০০ টাকা, এইচডিইউ-তে ১২০০০ টাকা এবং আইসিইউ-তে ১৫০০০ টাকা করে লাগবে। এই ব্লক ছাড়াও এ দিন এসএসকেএম-এর আরও কিছু আধুনিক প্রকল্পের উদ্বোধন করা হয়। এই নতুন ব্লক তৈরিতে করে আনুমানিক খরচ হয়েছে মোট ৬৭ কোটি টাকা বলে জানা যাচ্ছে। এমনকি এই নতুন ভবনের নাম নবান্নের সঙ্গে মিলিয়ে ‘ অনন্য’ রাখা হয়েছে ।


