তামিলনাড়ুর সরকারে বসেই কথা রাখলেন ‘থালাইভা’ বিজয়। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম বড় পদক্ষেপেই রাজ্যে মদ বিক্রি কমানোর কড়া নির্দেশ দিলেন তিনি। সোমবার একটি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির-মসজিদ বা উপাসনাস্থল এবং বাস স্টপেজের ৫০০ মিটারের মধ্যে কোনো মদের দোকান রাখা যাবে না। আগামী দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার চরম সময়সীমা বেঁধে দিয়েছে সরকার।
বর্তমানে তামিলনাড়ুতে ৪,৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। নতুন নিয়মের ফলে এর মধ্যে ৭১৭টি দোকান পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে। সরকারি হিসেব অনুযায়ী, মন্দিরের সামনে থাকা ২৭৬টি, স্কুল-কলেজের কাছের ১৮৬টি এবং বাস স্ট্যান্ড সংলগ্ন ২৫৫টি মদের দোকানে তালা ঝুলতে চলেছে। জনবহুল ও স্পর্শকাতর এলাকায় মদের বিক্রি কমাতে হবে।
শুধু মদের দোকান বন্ধই নয়, শপথ নেওয়ার পরেই তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেছেন বিজয়:
- সাধারণ মানুষের স্বস্তিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব।
- মহিলাদের নিরাপত্তার জন্য তৈরি হচ্ছে বিশেষ ‘টাস্ক ফোর্স’।
- রাজ্য থেকে মাদক নির্মূল করতে প্রতিটি জেলায় নামানো হচ্ছে বিশেষ বাহিনী।
ক্ষমতায় এসেই রাজ্যের আর্থিক দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিজয়। তিনি জানান, রাজ্যের আর্থিক অবস্থান নিয়ে সাধারণ মানুষকে বিস্তারিত জানাতে খুব শীঘ্রই একটি শ্বেতপত্র প্রকাশ করবে নতুন সরকার।
জনসাধারণের উদ্দেশ্যে বিজয় বলেন “তামিলনাড়ু সরকারের বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে আমাকে আপনাদের অবগত করা আমাদের দায়িত্ব। আমাদের রাজ্য এই মুহূর্তে ১০ লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝায় জর্জরিত এবং রাজকোষ কার্যত শূন্য হয়ে গিয়েছে। এক অসহনীয় বোঝা রাজ্যের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে।”


