আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লাইন পার এলাকায় এক কিশোরীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ১৬ বছরের মণিকা মণ্ডল নামে এক কিশোরী সোমবার রাতে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার বিকেলে প্রতিবেশী শুভম বাউরির বাড়ির পাশে একটি কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।
পরিবারের দাবি, মণিকার সঙ্গে শুভমের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে আত্মীয়র বাড়ি যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয় এবং সেই সময় শুভম মণিকাকে হুমকি দেয়।
মণিকার মৃতদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চড়াও হন শুভমের বাড়িতে। তাদের দাবি, শুভম ও তার ভাই রোহন মিলে মণিকাকে খুন করে কুয়োয় ফেলে দেয়। মণিকার ভাই পঙ্কজ মণ্ডল অভিযোগ করেন, শুভমের বাড়িতে গিয়ে খোঁজ করার সময় মণিকার জুতো পাওয়া যায় এবং তাতে পরিবারের সন্দেহ আরও বাড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শুভম ও রোহনকে আটক করে থানায় নিয়ে যায়। দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে।


