মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়ল যশ অভিনীত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রাউন-আপস’। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়েছিল। এবার এক খ্রিস্টান সংগঠন অভিযোগ জানিয়ে বিষয়টি আরও জোরালো করে তুলেছে।
ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন নামে একটি সংগঠন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সহ একাধিক প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছে। তাঁদের দাবি, টিজারের কয়েকটি দৃশ্য খ্রিস্টান ধর্মীয় প্রতীকের মর্যাদাহানি করছে। বিশেষ করে কবরস্থানের প্রেক্ষাপটে কিছু দৃশ্যকে তারা ‘অশোভন’ বলে উল্লেখ করেছে। সংগঠনের বক্তব্য, ওই দৃশ্যগুলি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানতে পারে।
এর আগে নারী কমিশনের তরফেও আপত্তি তোলা হয়েছিল টিজারের কিছু অংশ নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একাংশ দর্শকও প্রশ্ন তুলেছেন, এমন দৃশ্য আদৌ প্রয়োজন ছিল কি না। সমালোচনার জেরে টিজারে থাকা এক অভিনেত্রী নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দেন বলেও জানা গেছে।
তবে চলচ্চিত্র জগতের একাংশ ছবির পাশে দাঁড়িয়েছে। তাঁদের মতে, শিল্পের স্বাধীনতা বজায় রাখা জরুরি এবং একটি টিজারের অংশবিশেষ দেখে পুরো ছবিকে বিচার করা ঠিক নয়। পরিচালক গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে যশের পাশাপাশি রয়েছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি সহ আরও অনেকে।
সব বিতর্কের মধ্যেই নির্ধারিত সময়েই ছবি মুক্তির প্রস্তুতি চলছে। এখন দেখার, অভিযোগের প্রেক্ষিতে সিবিএফসি বা প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এবং ছবির নির্মাতারা কোনও পরিবর্তন আনেন কি না।


