যুক্তরাজ্যের গ্রিন পার্টির নতুন যুগ্ম উপ-প্রধান ও লিডস শহরের কাউন্সিলর মতিন আলী সম্প্রতি একটি বর্ণবিদ্বেষী হামলার শিকার হয়েছেন। একটি সাক্ষাৎকারে তিনি জানান, ছুটি কাটাতে স্ত্রী, মা ও ছয় বছরের সন্তানের সঙ্গে নরফোকের ক্রোমার সমুদ্র সৈকতে গেলে একদল লোক তাদের উপর বর্ণবিদ্বেষমূলক আক্রমণ চালায়। তিনি জানান তার দিকে লক্ষ্য করে কয়েকজন বিয়ারের বোতল ছুঁড়ে মারে এবং মন্তব্যে করে ‘আমাদের দেশ থেকে বেরিয়ে যাও।’ এমনকি এক ব্যক্তি পোশাক খুলে হুমকিও দেয়।
তিনি বলেন, এই ঘটনা যুক্তরাজ্যে ক্রমবর্ধমান অতি-ডানপন্থী মনোভাব এবং শরণার্থী ও অভিবাসীদের প্রতি বিদ্বেষের প্রমাণ। শেফিল্ডে জন্ম ও বেড়ে ওঠা মতিন আলী সব সময় ইয়র্কশায়ারে বসবাস করেছেন। তিনি এ বছরের মে মাসে লিডস সিটির কাউন্সিলর নির্বাচিত হন।
গাজা যুদ্ধ নিয়ে তার স্পষ্ট বক্তব্যের জন্যও সমালোচনার মুখে পড়েন তিনি।


