গাজায় ইসরাইলের চলমান যুদ্ধকে সরাসরি গণহত্যা বলে চিহ্নিত করেছে রাষ্ট্রসংঘের স্বাধীন তদন্ত কমিশন। প্রায় দুই বছর ধরে চলা রক্তপাত, ধ্বংস আর মানবিক সংকটের পর এই রিপোর্ট বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে। কমিশনের প্রধান নাভি পিল্লাই এক সাক্ষাৎকারে জানান, ইসরাইল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেই এই যুদ্ধের নীতি ও নির্দেশ এসেছে। তিনি বলেন, ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ,তিনজনই এই গণহত্যার জন্য দায়ী।
কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছে, ইসরাইল ইচ্ছে করেই গাজার সাধারণ জনগণকে ধ্বংস করার মতো পদক্ষেপ নিয়েছে। ফিলিস্তিনে এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এই ভয়াবহ সংখ্যা প্রমাণ করে, এটি শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত গণহত্যা।


