গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকটের মধ্যে মানবতার পক্ষে থাকার জন্য রাষ্ট্রসংঘের প্রতিনিধি ও গাজার চিকিৎসকেরা আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজার কয়েকজন সাহসী চিকিৎসককে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য মাতিয়াজ নেমেক এই মনোনয়নের খবর জানান।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় আপসহীন অবস্থানের জন্য ফ্রান্সেসকা আলবানিজকে মনোনয়ন দেওয়া হয়। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি গাজার বাস্তব পরিস্থিতি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন।
অন্যদিকে, গাজায় হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়ে গেলেও ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কারের মতো চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন। ওষুধ ও সরঞ্জামের অভাবের মধ্যেও তাঁরা মানবিক দায়িত্ব পালন করছেন। এই অবদানকে মানবতার পক্ষে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


