আমেরিকায় বসবাসকারী হাজার হাজার H-4 ভিসাধারীর কাজের অধিকার নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন H-1B ভিসাধারীদের স্বামী বা স্ত্রীদের জন্য চালু থাকা কাজের অনুমতিপত্র বা কর্মসংস্থান অনুমোদনের নথি (EAD) বন্ধ করার প্রস্তাব দিয়েছে। এই নিয়ম কার্যকর হলে গত এক দশকের বেশি সময় ধরে যে সুযোগ H-4 ভিসাধারীরা পেয়ে আসছেন, তা আর থাকবে না।
বিশেষ করে ভারতীয় পরিবারগুলির উপর এই সিদ্ধান্তের প্রভাব বেশি পড়তে পারে। কারণ H-4 EAD-এর সুবিধা নেওয়া ব্যক্তিদের বড় অংশই ভারতীয়। ২০১৪ থেকে ২০১৭ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত H-4 EAD-এর প্রায় ৯৩ শতাংশই ভারতীয় নাগরিকদের দেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে প্রায় ৯৪ শতাংশ ছিলেন মহিলা। ফলে নতুন প্রস্তাব কার্যকর হলে ভারতীয় H-1B পরিবারের কর্মরত স্ত্রীদের একটা বড় অংশ সমস্যায় পড়তে পারেন।
মার্কিন সরকারের নিয়ন্ত্রক সংক্রান্ত ওয়েবসাইটে প্রস্তাবটি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ, H-1B ভিসাধারীদের নির্দিষ্ট কিছু স্বামী বা স্ত্রীকে কাজের অনুমতির যোগ্যতা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। ২০১৫ সালে একটি নিয়মের মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করা H-4 ভিসাধারীদের কাজের অনুমতি দেওয়া শুরু হয়েছিল। নতুন প্রস্তাব সেই নিয়মই বাতিল করে আগের অবস্থায় ফিরতে চাইছে। তবে এখনই কারও কাজের অনুমতি বাতিল হচ্ছে না। এটি এখনও শুধু প্রস্তাবের পর্যায়ে রয়েছে।
নিয়মটি কার্যকর করতে হলে প্রথমে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দফতরকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব প্রকাশ করতে হবে। এরপর সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাই বৈধ EAD থাকা H-4 ভিসাধারীরা আপাতত আগের নিয়মেই কাজ চালিয়ে যেতে পারবেন।
H-4 ভিসা নিজে কোনও কাজের ভিসা নয়। H-1B ভিসাধারীদের স্বামী, স্ত্রী ও সন্তানদের আমেরিকায় তাঁদের সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা স্বামী বা স্ত্রী আলাদা EAD পেলে তবেই বৈধভাবে চাকরি করতে পারেন। H-4 EAD বাতিলের চেষ্টা অবশ্য নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদেও ২০১৭ সালে একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব শেষ পর্যন্ত কার্যকর হয়নি এবং ২০২১ সালে তা প্রত্যাহার করা হয়।
এদিকে H-1B কর্মীদের নিয়েও প্রশাসনের একাধিক পদক্ষেপ সামনে এসেছে। নতুন H-1B নিয়োগের ক্ষেত্রে ১,০৩,২৬৫ ডলার ফি বসানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি চাকরি হারানোর পর নতুন সংস্থায় কাজ খোঁজার জন্য H-1B কর্মীরা যে ৬০ দিনের সময় পান, সেটিও তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। USCIS-এর তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবর্ষে অনুমোদিত H-1B আবেদনের প্রায় ৭১ শতাংশই ভারতীয় নাগরিকদের ছিল। ফলে H-4 EAD নিয়ে নতুন প্রস্তাব কার্যকর হলে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের পরিবারগুলির উপর তার প্রভাব যথেষ্ট বড় হতে পারে।


