আজ শুক্রবার প্রকাশিত হচ্ছে এসএসসি-র একাদশ ও দ্বাদশ শ্রেণির ফল। সন্ধ্যা ৮টার পর ওয়েবসাইটে ফল দেখা যাবে। এই ফল নিয়েই উদ্বেগে রয়েছেন বহু চাকরিপ্রার্থী। সূত্রের খবর, বর্তমানে আটজন চাকরিপ্রার্থীর নথি যাচাই করছে এসএসসি। তাঁদের দাবি, তাঁরা কেন্দ্রীয় বিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে কাজ করেন। তাই রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের মতো অভিজ্ঞতার ভিত্তিতে তাঁদেরও ১০ নম্বর দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
রাজ্য সরকার আগেই জানিয়েছিল, রাজ্যের স্থায়ী ও চুক্তিভিত্তিক শিক্ষকরা অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত ১০ নম্বর পাবেন। এই আটজন আবেদনকারী বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। আদালতের নির্দেশে এসএসসি নথি যাচাই করছে। বৃহস্পতিবার সকালে সল্টলেকের আচার্য সদনে তাঁদের ডাকা হয় নথি জমা দেওয়ার জন্য। জানাজাচ্ছে, প্রথমে একাদশ-দ্বাদশ শ্রেণির ফল প্রকাশের পর ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। পরে নবম-দশম শ্রেণির প্রক্রিয়া শুরু হবে। মোট শূন্যপদ রয়েছে ৩৫ হাজার ৭২৬টি, যার মধ্যে একাদশ-দ্বাদশে ১২ হাজার ৫১৪টি। এই স্তরে আবেদন করেছিলেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন প্রার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ৯৩ শতাংশ। প্রতি ১০০টি শূন্যপদের জন্য ডাকা হবে ১৬০ জনকে। ফলে এবার প্রায় ৬০ হাজার প্রার্থী ইন্টারভিউর সুযোগ পাবেন।


