বিধানসভা ভোটের আগে প্রকাশিত হল এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে কতজনের নাম বাদ গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে।
রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত ৭০টিতে সংখ্যালঘু ভোট বড় ভূমিকা নেয়। আরও প্রায় ৩০-৩৫টি আসনেও এই ভোট নির্ণায়ক হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। সেই কারণে এই জেলাগুলির পরিসংখ্যান ঘিরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মালদা জেলায় খসড়া তালিকায় প্রায় ২ লক্ষ ১ হাজারের বেশি নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২০ হাজারের বেশি। অর্থাৎ আরও প্রায় ১৮ হাজার নাম বাদ পড়েছে।
মুর্শিদাবাদ জেলায় খসড়া তালিকায় বাদ পড়েছিল প্রায় ২ লক্ষ ৭৮ হাজার নাম। পরে চূড়ান্ত তালিকায় আরও প্রায় ১৫ হাজার নাম বাদ যায়। সব মিলিয়ে প্রায় ২ লক্ষ ৯৩ হাজার ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় খসড়া তালিকায় বাদ গিয়েছিল ৭ লক্ষ ৯২ হাজারের বেশি নাম। চূড়ান্ত তালিকায় আরও প্রায় ১ লক্ষ ৪২ হাজার নাম বাদ পড়েছে।
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় খসড়া তালিকায় প্রায় ৮ লক্ষ ১৮ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। চূড়ান্ত তালিকায় দেখা গিয়েছে আরও ৮৭ হাজারের বেশি নাম বাদ গিয়েছে।
এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখা হচ্ছে। ফলে ভবিষ্যতে আরও কারও নাম তালিকায় যোগ বা বিয়োগ হতে পারে বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির ভোট-সমীকরণ কোন দিকে মোড় নেবে, তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।


