লেবাননের রাজধানী বৈরুত শহরে এক ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজনের মাধ্যমে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ইফতার অনুষ্ঠানের স্বীকৃতি পেতে এমন আয়োজন করা হয়। স্থানীয় সংগঠন আজায়েলনা সোসাইটি-এর উদ্যোগে বিআইইএল প্রাঙ্গণে এই বিশাল কর্মসূচি অনুষ্ঠিত হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, সব অঞ্চলের মানুষকে একত্রিত করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সমাজের নানা শ্রেণির মানুষ এবং অসংখ্য স্বেচ্ছাসেবী একই সারিতে বসে ইফতার করেন। সবার জন্য ছিল এক ধরনের খাবারের ব্যবস্থা।
আয়োজকরা জানান, প্রায় ৫ হাজার ৮০০ মানুষ একসঙ্গে ইফতারে অংশ নেন। এর মধ্যে গাজা থেকে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি পরিবারগুলোকেও আমন্ত্রণ জানানো হয়। এতিম শিশু, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেন। প্রায় ৭০০ স্বেচ্ছাসেবী নিরলস পরিশ্রম করে পুরো আয়োজন সম্পন্ন করেন। রমযান মাস সংযম, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এই বৃহৎ ইফতার আয়োজন সেই বার্তাকেই আরও জোরালোভাবে তুলে ধরেছে।


