কংগ্রেস অযোধ্যায় রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে পারে। সেই কারণেই বিজেপিকে ৪০০ আসন পেতে হবে বলেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
বৃহস্পতিবার উড়িষ্যায় একটি নির্বাচনী সভায় মসজিদের পুনর্নির্মাণ রোধে বিজেপিকে ৪০০ আসনে জয়ী করার আহ্বান জানান তিনি।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘মানুষ আমাদের জিজ্ঞাসা করে, কেন আমরা ৪০০ আসন চাই। আমরা ৪০০ আসন চাই, কারণ কংগ্রেস রামমন্দিরের জায়গায় বাবরি মসজিদ পুনর্নির্মাণ করতে পারে। আমাদের নিশ্চিত করতে হবে, বাবরি মসজিদ যাতে ভারতে পুনর্নির্মিত না হয়। এ কারণেই আমাদের প্রধানমন্ত্রী মোদিকে ৪০০-এর বেশি আসনে জয়ী করতে হবে এবং আবার প্রধানমন্ত্রী করতে হবে।’
হিমন্ত গতকাল আরও বলেন, বিজেপি শুধু রামমন্দির বানিয়েই থেমে থাকবে না, ভবিষ্যতে তারা আরও মন্দির নির্মাণ করবে।
তিনি বলেন, ‘আগে কংগ্রেস আমাদের জিজ্ঞাসা করত, রামমন্দির কবে তৈরি হবে। এখন তারা এই প্রশ্ন করা বন্ধ করেছে। কংগ্রেস জানে, আমরা রামমন্দিরে থামব না। আমাদের দেশের প্রতিটি মন্দিরকে মুক্তি দিতে হবে। আমাদের অ্যাজেন্ডা দীর্ঘ।’
কংগ্রেস রামমন্দিরের তালা লাগাবে বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতে গতকাল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়কে সম্মান দেয়।


