নির্বাচন সংক্রান্ত শুনানি প্রক্রিয়া নিয়ে রাজ্যজুড়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বহু ক্ষেত্রে ভোটারদের কাছ থেকে নেওয়া নথির লিখিত রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে শহর ও জেলার বিভিন্ন শুনানি কেন্দ্র থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে।
সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, শুনানির সময় ভোটারদের কাছ থেকে যদি কোনও নথি নেওয়া হয়, তাহলে অবশ্যই তার লিখিত রসিদ দিতে হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই নির্দেশ অনেক জায়গায় মানা হচ্ছে না। রবিবার রাজ্যের বিভিন্ন শুনানি কেন্দ্রে বহু ভোটার হাজির হন। তাঁরা প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর রসিদ চাইলে অনেক অফিসার জানান, তাঁদের কাছে এমন কোনও নির্দেশিকা নেই। ফলে তাঁরা রসিদ দিতে পারবেন না। এমন অবস্থায় বিক্ষুব্ধ ভোটাররা উত্তেজিত হয়ে পরে। যাঁদের শুনানিতে ডাকা হয়েছে, তাঁরা নথি জমা দেওয়ার পরও কোনও প্রমাণ হাতে না পেয়ে চিন্তায় পড়ছেন। ভবিষ্যতে আবার যদি একই বিষয়ে প্রশ্ন ওঠে, তখন তাঁরা কীভাবে প্রমাণ করবেন যে নথি জমা দিয়েছেন, সেই আশঙ্কাও করছেন অনেকে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে যদি কমিশন নির্দেশিকা জারি করে, তাহলে যাঁরা আগে রসিদ পাননি তাঁদের অবস্থান কী হবে। বিষয়টি নিয়ে দ্রুত স্পষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।


