প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের নির্দেশ অনুযায়ী, ওই দিন সন্ধ্যা ৭টায় একসঙ্গে আলো জ্বালানো হবে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ‘আশীর্বাদ কা দিয়া’ নামের এই কর্মসূচি ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে।এই কর্মসূচির জন্য অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভূমিকা নিয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ে কেন্দ্রটি খোলা রেখে সেখানে অন্তত একজন দায়িত্বপ্রাপ্ত কর্মীকে উপস্থিত থাকতে হবে। ফলে শুধু প্রদীপ বা মোমবাতি জ্বালানোই নয়, কর্মসূচি ঠিকমতো হচ্ছে কি না, তা দেখার দায়িত্বও থাকবে সংশ্লিষ্ট কর্মীদের উপর।তবে সব কেন্দ্রে একই সময়ে কর্মী এবং সহায়িকা দু’জনের উপস্থিতি সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। সেই কারণে স্থানীয় পরিস্থিতি বিচার করে আগেই দায়িত্ব ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। কোনও কেন্দ্রে লোকবল কম থাকলে কাছাকাছি কেন্দ্রের কর্মী বা সহায়িকার সাহায্য নেওয়া যাবে। লক্ষ্য, নির্ধারিত সময়ে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র যেন কর্মীহীন না থাকে।পুরো বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রকল্প আধিকারিক এবং শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের। তাঁদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি পরিচালনা করতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতির উপর নজর রাখার জন্য জেলা স্তর থেকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে।রাজ্য সরকারের পক্ষ থেকে জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি কলকাতা পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফলে কলকাতা থেকে শুরু করে জেলার প্রত্যন্ত এলাকাতেও একই সময়ে এই কর্মসূচি পালনের প্রস্তুতি চলছে।প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে আরও কিছু কর্মসূচির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ‘আশীর্বাদ কা দিয়া’ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে অন্যান্য আয়োজনের কথাও জানানো হয়েছে।প্রশাসনের নির্দেশ অনুযায়ী, স্থানীয় বাস্তবতা বুঝে কর্মীদের দায়িত্ব ঠিক করতে হবে। কোনও সমস্যা দেখা দিলে দ্রুত তা সমাধানের ব্যবস্থাও করতে হবে। ফলে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে একযোগে আলো জ্বালানোর কর্মসূচি বাস্তবায়নে এখন নজর জেলা প্রশাসনের দিকে।
মোদীর জন্মদিনে অঙ্গনওয়াড়িতে জ্বলবে ‘আশীর্বাদি প্রদীপ’, সন্ধ্যা ৭টায় কর্মীদের হাজিরা বাধ্যতামূলক
Popular Categories


