Tuesday, November 10, 2026
30 C
Kolkata

বাঁকুড়ায় বইয়ের স্টল বন্ধের হুমকি, এসএফআই কর্মীদের সঙ্গে সংঘর্ষ, আক্রান্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রমের

কালীপুজোর পরের দিন বাঁকুড়ায় এসএফআইয়ের একটি বুকস্টল ঘিরে উত্তেজনা ছড়াল। সোমবার স্কুলডাঙা মোড়ে সিপিএমের জেলা কার্যালয়ের সামনে থাকা ওই স্টলে হামলার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। স্টল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি এসএফআই কর্মীদের সঙ্গে তাঁরা বচসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হেনস্তার শিকার হন সিপিএমের জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম। তাঁর মোবাইল ফোনও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলডাঙা মোড়ে সিপিএমের জেলা কার্যালয়ের ঠিক উলটো দিকে এসএফআইয়ের তরফে একটি বইয়ের স্টল তৈরি করা হয়েছিল। সেখানে বিভিন্ন লেখকের বইয়ের পাশাপাশি বামপন্থী পত্রপত্রিকা রাখা হয়েছিল। সোমবার দুপুরে তিন-চারজন সেখানে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তাঁদের দাবি ছিল, ওই জায়গায় বুকস্টল রাখা যাবে না। অবিলম্বে স্টল সরিয়ে নিতে হবে। এই নিয়েই এসএফআই কর্মীদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি শুরু হয়।গোলমালের খবর পেয়ে দলীয় কার্যালয় থেকে বাইরে বেরিয়ে আসেন দেবলীনা হেমব্রম। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উলটে তাঁকেই হেনস্তার মুখে পড়তে হয় বলে অভিযোগ। সিপিএমের দাবি, তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সেই সময় তাঁর মোবাইল ফোনও ছুড়ে ফেলে ভেঙে দেওয়া হয়।ঘটনার পর দেবলীনা বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের বইয়ের স্টলকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। বাঁকুড়াতেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। বাধা দিতে গিয়ে তাঁকে অপদস্থ হতে হয়েছে এবং মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার উপযুক্ত তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।অন্যদিকে, বুকস্টলে হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের নেতা সৌগত পাত্রের দাবি, সিপিএম রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে প্রচারে আসার চেষ্টা করছে তারা।উল্লেখ্য, দুর্গাপুজো ও কালীপুজোকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বই এবং দলীয় পত্রপত্রিকা বিক্রির জন্য স্টল তৈরি করেছে বামপন্থী সংগঠনগুলি। বাঁকুড়া জেলাতেও এ বছর প্রায় ২০টি বুকস্টল করা হয়েছে বলে জানিয়েছেন দেবলীনা। তাঁর দাবি, দুর্গাপুজোর সময় জেলায় প্রায় দু’লক্ষ টাকার বই ও পত্রপত্রিকা বিক্রি হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে স্কুলডাঙা মোড়ে কিছুক্ষণ উত্তেজনা থাকলেও পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রকাশ্যে বই বিক্রির স্টল ঘিরে এই সংঘাত নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।

Hot this week

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories