Monday, November 9, 2026
29 C
Kolkata

সিয়াটলে দীপাবলির অনুষ্ঠানে ট্রাম্প সমর্থকদের হামলা, ‘হিন্দু বিতাড়ন’-এর স্লোগান! প্রতিবাদে প্রবাসীদের পাশে দাঁড়ালেন মার্কিন নাগরিকরাও

আমেরিকার সিয়াটলে দীপাবলি উদ্‌যাপনের অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করল উগ্র দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক বলে পরিচিত ‘মাগা’ গোষ্ঠীর কয়েক জন সদস্য শনিবারের ওই অনুষ্ঠানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেন। তাঁদের নেতৃত্বে ছিলেন কট্টর দক্ষিণপন্থী কর্মী জেক ল্যাং। তবে উপস্থিত মানুষের প্রতিবাদের মুখে তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।অভিযোগ, জেক ল্যাং ও তাঁর সঙ্গীরা হাতে একাধিক আপত্তিকর পোস্টার নিয়ে অনুষ্ঠানে হাজির হন। ওই পোস্টারগুলিতে ভারতীয় এবং হিন্দুদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়। বিশেষ করে কপালে টিপ, সিঁদুর কিংবা তিলক পরেন যাঁরা, তাঁদের নিশানা করে আমেরিকা থেকে বের করে দেওয়ার দাবি জানানো হয়। বিষয়টি ঘিরে অনুষ্ঠানে উত্তেজনা ছড়ায়। তবে সেখানে উপস্থিত মানুষজন একজোট হয়ে তাঁদের বাধা দেন।ঘটনার পর সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্ট করে ফের হিন্দুদের আক্রমণ করেন ল্যাং। তাঁর দাবি, সিয়াটলের দীপাবলি অনুষ্ঠানে কয়েক জন হিন্দু ও বামপন্থী সংগঠনের সদস্য তাঁদের বাধা দিয়েছেন। এমনকি টেক্সাসে ডেমোক্র্যাটদের সাম্প্রতিক জয়ের জন্যও হিন্দুদের দায়ী করেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।সদ্য শেষ হওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসে সেনেট এবং গভর্নর, দুই গুরুত্বপূর্ণ আসনেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সেনেটর নির্বাচিত হয়েছেন জেমস তালারিকো এবং গভর্নর হয়েছেন জিনা হিনোজোসা। কানসাস ও টেক্সাসে ডেমোক্র্যাটদের সাফল্য মেনে নিতে না পেরে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন ল্যাং। আগামী ২০২৭ সালের ৩ জানুয়ারি নির্বাচনের ফলাফলের সরকারি স্বীকৃতির বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল ভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি।জেক ল্যাংয়ের অতীতও যথেষ্ট বিতর্কিত। ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান তিনি। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত ছিলেন ল্যাং। ওই ঘটনায় চার বছর কারাবন্দি থাকার পর ২০২৫ সালে দ্বিতীয় বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প তাঁকে ক্ষমা করে দেন।এদিকে, সিয়াটলের ঘটনার কয়েক দিন আগেই শিকাগোর কাছে একটি হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা করার অভিযোগে গ্রেফতার হয়েছে ১৯ বছরের আলেকজ়ান্দ্রোস পাপোরাকিস। পুলিশ সূত্রে অভিযোগ, নাৎসি মতাদর্শে বিশ্বাসী ওই তরুণ মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল। পর পর এমন ঘটনায় আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসে দীপাবলি পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রযুক্তি উদ্যোগপতি বিশাল গোন্দল, শেফ বিকাশ খন্না-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করেন তিনি। তাঁকে একটি হনুমান চালীসাও উপহার দেওয়া হয়।একই ভাবে ওয়াশিংটন প্রদেশের গভর্নর বব ফার্গুসনও অলিম্পিয়ার আইনসভা ভবনে ভারতীয় কনসাল জেনারেল এবং সেনেটর মানকা ধিংড়ার সঙ্গে দীপাবলি পালন করেন। রবিবারকে প্রদেশে আনুষ্ঠানিক ভাবে ‘আলোর উৎসব দীপাবলি’ হিসেবে ঘোষণা করেছেন তিনি। ফার্গুসনের বক্তব্য, গত এক দশকে ওয়াশিংটন প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সংখ্যা দ্রুত বেড়েছে। প্রদেশের অর্থনীতি ও উন্নয়নে তাঁদের অবদানও যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Hot this week

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Topics

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

৭০৮ কোটি খরচ, তবুও বন্ধ বিমান পরিষেবা! পাকিয়ং বিমানবন্দর নিয়ে CAG রিপোর্টে বড়সড় প্রশ্ন

সিকিমের বিমান যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ২০১৮...

Related Articles

Popular Categories