Tuesday, November 24, 2026
26 C
Kolkata

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে দেওয়ার অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ২০২৪ সালে বেআইনি বুলডোজার অভিযান নিয়ে শীর্ষ আদালত যে নির্দেশিকা দিয়েছিল, তা অমান্য করেই মসজিদটি ভাঙা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে মঙ্গলবার মামলাটি গ্রহণ করে সরাসরি শুনানি না করে আবেদন সংক্রান্ত সমস্ত নথি এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চ জানায়, প্রথমে মসজিদ ভাঙার ঘটনার সমস্ত তথ্যপ্রমাণ হাইকোর্টের সামনে তুলে ধরতে হবে। সেখানে প্রয়োজনীয় বিচার না পেলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবেন আবেদনকারী।ইমরান আহমেদ নামে এক ব্যক্তি উত্তরপ্রদেশের মুখ্যসচিব শশী প্রকাশ গোয়েলের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছিলেন। তাঁর আইনজীবী ফৌজিয়া রহমান আদালতে জানান, ২০২৪ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল, কোনও ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হলেই তাঁর বাড়ি বা সম্পত্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যাবে না। অথচ শাহারানপুরে সেই নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ।জবাবে প্রধান বিচারপতি জানান, শুধু আদালত অবমাননার অভিযোগ তুললেই হবে না। আগে মসজিদ ভাঙার পরিস্থিতি, প্রশাসনের পদক্ষেপ এবং জমির মালিকানা সংক্রান্ত বিষয়গুলি হাইকোর্টে প্রমাণ করতে হবে। বিচারপতি ভি মহনাও বলেন, সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ অমান্য করা হয়েছে বলে প্রতিটি মামলা সরাসরি শীর্ষ আদালতে আনা যায় না। সংশ্লিষ্ট হাইকোর্টকেই প্রথমে বিষয়টি খতিয়ে দেখতে হবে।উল্লেখ্য, শাহারানপুরের জেলাশাসকের দফতরের কাছে অবস্থিত মসজিদটি শনিবার ভোরে ভেঙে দেওয়া হয়। প্রশাসনের দাবি, সরকারি জমি দখল করে মসজিদটি তৈরি হয়েছিল। গত ১৬ জুলাই সিটি ম্যাজিস্ট্রেটের আদালত মসজিদটিকে সরকারি জমিতে বেআইনি নির্মাণ বলে ঘোষণা করে এবং ৬ কোটি ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। শুক্রবার জেলা আদালতেও মসজিদ কর্তৃপক্ষের আবেদন খারিজ হয়ে যায়।তবে মসজিদের জমির মালিকানা নিয়ে পাল্টা দাবি করেছেন সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের ভাইপো আইনজীবী হামজা মাসুদ ১৮৯৬ সালের একটি ফারসি ভাষায় লেখা জমির দলিল দেখিয়ে জমিটি ব্যক্তিগত মালিকানাধীন বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, প্রায় ১৯১০ সালে আমবাগানের ওই জমিতে মসজিদটি তৈরি হয়েছিল।প্রসঙ্গত, ২০২৪ সালের ১৩ নভেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, কোনও নির্মাণ ভাঙার আগে প্রশাসনকে অন্তত ১৫ দিনের নোটিস দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং ভাঙার সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাতে হবে। এই নিয়ম না মানলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানিয়েছিল শীর্ষ আদালত।

Hot this week

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories