বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যার মধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার ভোরের দিকে সেটি তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল। তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। রবিবার ওই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা। দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বলে অনুমান আবহবিদদের।
এরপর ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ভোরের দিকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সেটি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সময় সমুদ্রের উপর ঘণ্টায় ৪০ থেকে ৫৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। গভীর নিম্নচাপ তৈরি হলে হাওয়ার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের সময় তা বেড়ে ৬০ থেকে ৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তীব্র ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ৮৫ থেকে ৯৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্তত শনিবার পর্যন্ত বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। অন্যদিকে, শুক্রবার ও শনিবার হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় বৃষ্টি হলেও ভারী বর্ষণের পূর্বাভাস নেই। আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।
এই নিম্নচাপ বা সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে পড়ার আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার ও সোমবার দার্জিলিং এবং কালিম্পঙের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এরপর উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না।
দক্ষিণবঙ্গে অবশ্য তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। আগামী তিন দিন তাপমাত্রা মোটামুটি একই থাকবে। তার পরের দু’দিনে পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম।


