বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই এবার নতুন করে অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। বীরভূমের ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বিজেপির কয়েকজন নেতা ও কর্মীর গোপন বৈঠকের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ইলামবাজারের কামারপাড়া এলাকার একটি হোটেলে এই বৈঠক হয়। অভিযোগ, সেখানে তৃণমূলের কয়েকজন নেতার সঙ্গে একসঙ্গে বসেছিলেন বিজেপির একাংশ নেতা ও কর্মী। বিষয়টি কোনওভাবে স্থানীয় বিজেপি কর্মীদের কানে পৌঁছয়। এরপর তাঁরা ওই হোটেলে গিয়ে বৈঠকে উপস্থিত ব্যক্তিদের ঘিরে ধরেন। কেন তৃণমূল নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। হোটেলের ভিতরে ঠিক কী নিয়ে আলোচনা হচ্ছিল, তা নিয়ে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাঁদের অভিযোগ, দলের সঙ্গে কোনও আলোচনা না করেই কয়েকজন নেতা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও বৈঠকের উদ্দেশ্য কী ছিল, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অন্দরে এই ঘটনা নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ করে বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল নিয়ে বিতর্কের পর নতুন করে এই অভিযোগ সামনে আসায় দলের উপর চাপ বেড়েছে।ঘটনার খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ সেখানে পৌঁছয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কারা উপস্থিত ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।অন্যদিকে, এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা নেতৃত্বের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে দলের নেতাদের সঙ্গে তৃণমূলের বৈঠকের অভিযোগ নিয়ে বিজেপির অবস্থান কী, তা নিয়ে প্রশ্ন উঠছে।বৈঠকটি নিছক ব্যক্তিগত আলোচনা ছিল, নাকি এর পিছনে কোনও রাজনৈতিক সমঝোতার বিষয় রয়েছে, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন
Popular Categories

