উত্তর ২৪ পরগনার সোদপুরের ঘোলায় রাস্তা ও ফুটপাথ দখল করে বিজেপির পার্টি অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, পানিহাটি পুরসভার তৈরি আবর্জনা ফেলার জায়গা বা ভ্যাট ভেঙে সেখানে নতুন করে পার্টি অফিস গড়ে তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, নির্মাণের জন্য রাস্তার একাংশ এবং ফুটপাথও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ। পুরসভায় অভিযোগ জানিয়েও কোনও ব্যবস্থা মেলেনি বলে দাবি তাঁদের।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সুনীত ব্যানার্জি স্ট্রিটের। ঘোলার পুরনো পোস্ট অফিস মোড়ের কাছেই ছিল ওই ময়লার ভ্যাট। এলাকার ছোট-বড় ব্যবসায়ী এবং বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানে আবর্জনা ফেলতেন। কিন্তু কালীপুজো মিটতেই আচমকা ভ্যাটটি ভাঙার কাজ শুরু হয়। এরপর সেই জায়গায় পার্টি অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয় বলে অভিযোগ।বাসিন্দাদের দাবি, ভ্যাট ভাঙার সময় থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন তাঁরা। কিন্তু তাঁদের কথায় গুরুত্ব না দিয়েই নির্মাণকাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের উপস্থিতিতে জায়গাটি পরিষ্কার করে পার্টি অফিস তৈরির কাজ শুরু হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। কয়েক লক্ষ টাকা খরচ করে এই নির্মাণ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।এলাকাবাসীর আরও অভিযোগ, শুধু পুরসভার ভ্যাটের জায়গাই নয়, পার্টি অফিস তৈরির জন্য লাগোয়া ফুটপাথেরও একাংশ দখল করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হচ্ছে। বিশেষ করে পথচারীদের চলাচলের জায়গা কমে যাওয়ায় ক্ষোভ বাড়ছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, পুরসভার নির্দিষ্ট জায়গা এভাবে ব্যবহার করা যায় না। নিয়ম মেনে জায়গাটি অন্য কাজে ব্যবহার করার ব্যবস্থা করা উচিত ছিল।ঘটনা নিয়ে ইতিমধ্যেই পানিহাটি পুরসভার কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। তবে তাঁদের দাবি, অভিযোগ জানানোর পরেও প্রশাসনের তরফে এখনও কোনও কার্যকর পদক্ষেপ করা হয়নি। কেন এই বিষয়ে পুরসভা নীরব, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।অন্যদিকে, অভিযোগের জবাব দিয়েছেন বিজেপির পানিহাটি ৩ নম্বর মণ্ডলের সভাপতি অভিষেক পাল। তাঁর দাবি, ওই ভ্যাট নিয়ে আগে থেকেই স্থানীয়দের সমস্যা ছিল। বাসিন্দারাই সেটি বন্ধ করে সেখানে পার্টি অফিস তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তাঁর বক্তব্য, এই কার্যালয় থেকে এলাকার মানুষ বিভিন্ন নাগরিক পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন।তবে নির্মাণ নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে তিনি জানিয়েছেন, সরকারি নিয়ম ভেঙে রাস্তা বা ফুটপাথ দখল করা হয়ে থাকলে নিয়ম মেনেই পার্টি অফিসটি সরিয়ে ফেলা হবে। এখন পুরসভা ও প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে এলাকার বাসিন্দারা।
সোদপুরে পুরসভার ভ্যাট ভেঙে বিজেপির পার্টি অফিস তৈরির অভিযোগ, রাস্তা ও ফুটপাথ দখল ঘিরে ক্ষোভ বাসিন্দাদের
Popular Categories


