রবিবার ,২১ সেপ্টেম্বর আল-আমীন মিশনের পঞ্চম থেকে নবম শ্রেণির প্রবেশিকা পরীক্ষা এই দিন সারা রাজ্যের ৭০টি কেন্দ্রে একসাথে অনুষ্ঠিত হয়। প্রায় ৩০,৪৭০ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৭,৪৫৭ ও ছাত্রী সংখ্যা ১৩,০১৩ জন। এই প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে বছরের শুরু থেকেই অভিভাবকদের মধ্যে উত্তেজনা থাকে। কারণ, পরীক্ষায় সফল হলে ছাত্র-ছাত্রীরা আল-আমীনের হস্টেলে থেকে নিয়মিত ক্লাস, টিউশন এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো উচ্চশিক্ষার প্রস্তুতির সুযোগ পায়। এই বছর মুর্শিদাবাদ ও মালদা জেলার কিছু কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হাজার ছাড়িয়েছে।
পরীক্ষার্থীদের প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় “সাফল্যের আলোকবর্তিকা ২০২৫” নামক একটি বিশেষ বই যেখানে মিশনের ৬০ জন ছাত্র-ছাত্রীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরা হয়েছে।
মিশনের সাধারণ সম্পাদক এম নূরুল ইসলাম জানান, এ বছর নিট পরীক্ষায় মিশনের ৪৭৪ জন পড়ুয়া ৫০০-এর বেশি নম্বর পেয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।
তিনি আরও বলেন, মিশনের অনাথ ও ইমাম সাহেবদের সন্তানদের জন্য বিশেষ সহানুভূতির নিয়ম চালু আছে এবং সেই তথ্য ফর্মেই সংগ্রহ করা হয়। এছাড়া অনাথ পড়ুয়াদের জন্য “শান্তিনীড়” নামক একটি ছয় তলা আবাসিক ভবন তৈরি হয়েছে, যা খলতপুর ক্যাম্পাসের পাশে অবস্থিত।
এই প্রবেশিকা পরীক্ষার ফলাফল অক্টোবর ২০২৫-এর শেষ সপ্তাহে প্রকাশিত হবে মিশনের ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে বলে জানা যায়।


