এলাহাবাদ হাইকোর্ট এক ট্রিপল তালাক মামলায় অভিযুক্ত আবেদনকারীদের বিরুদ্ধে পরবর্তী কার্যক্রম স্থগিত রেখেছে এবং প্রতিপক্ষকে নোটিশ জারি করেছে। এই মামলার শুনানি করেন বিচারপতি বিক্রম ডি চৌহান। মামলাটি দায়ের করেছিলেন শাহিদ রেজা এবং আরও দুইজন। তারা তাদের বিরুদ্ধে দেওয়া চার্জশিট (২২ জুন, ২০২৪ তারিখের) এবং সমন আদেশ (১০ জুলাই, ২০২৫ তারিখের) বাতিল চেয়ে আবেদন করেন।
আবেদনকারীদের পক্ষের আইনজীবী জানান, তার মক্কেলরা মুসলিম হলেও তারা শিয়া সম্প্রদায়ভুক্ত, এবং শিয়া মত অনুযায়ী ‘তিন তালাক’ বা ‘তালাক-এ-বিদ্দত’ প্রথা পালন করা হয় না।
আইনজীবী আরও বলেন, ২০১৯ সালের মুসলিম মহিলা (বিবাহ অধিকারের সুরক্ষা) আইনের ধারা ২(সি)-তে যে তিন তালাকের কথা বলা হয়েছে, তা সুন্নি সম্প্রদায়ের মধ্যে প্রচলিত হলেও শিয়া সমাজে এটি প্রযোজ্য নয়। এই প্রেক্ষিতে হাইকোর্ট মামলার পরবর্তী কার্যক্রম স্থগিত করে প্রতিপক্ষকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানির দিন এখনও নির্ধারিত হয়নি বলে জানা যায়।


