রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয় চালু থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই স্থায়ী আরবি শিক্ষক নেই বলে জানা যায়। ফলে নিয়মিত ক্লাস ও শিক্ষার মান বজায় রাখতে সমস্যা দেখা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন পড়ুয়ারা এবং শিক্ষকদের একাংশ। জানা গেছে, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ের পাঠক্রম রয়েছে। পাশাপাশি ২৩টি কলেজে অনার্স এবং ৪১টি কলেজে জেনারেল কোর্স পড়ানো হয়। এমনকি ২০টি কলেজে আরবি বিষয়ে বিএড করার সুযোগও রয়েছে। তবুও দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষার মান ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগ, কলেজ সার্ভিস কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও স্থায়ী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। বাধ্য হয়ে বহু কলেজে অস্থায়ী শিক্ষকদের উপরই পুরো দায়িত্ব পড়ে যাচ্ছে। এতে পড়ুয়াদের নিয়মিত ক্লাস পাওয়া কঠিন হয়ে উঠেছে। শিক্ষকরা জানিয়েছেন, স্থায়ী নিয়োগ না হলে আরবি বিষয়ে আগ্রহ কমে যাবে এবং ভবিষ্যতে ছাত্রভর্তি আরও কমতে পারে। শুধু আরবি নয়, উর্দু বিভাগেও একই ধরনের শিক্ষক সংকট রয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করে পরিস্থিতি স্বাভাবিক না করলে ভাষা শিক্ষার ক্ষেত্রে আরও বড় সমস্যা তৈরি হতে পারে।


