বারাসতের ঘোলা কাজীপাড়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নানা ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সকালে কোরআন তেলাওয়াত ও নূরানি দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে বহু মানুষ উপকৃত হন।
অনুষ্ঠানে শিশু ও ছাত্রছাত্রীরা নাতে রাসুল ও কেরাত পরিবেশন করে। মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে আযান প্রতিযোগিতা, গজল ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সমাজের কবর খননকারীদের একই মঞ্চে সম্মান জানানো হয়, যা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম হাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসাইন কাসেমী, মুফতি সাইফুদ্দিনসহ অন্যান্য আলেমরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মমতাজুল আরেফিন ও মুহাম্মদ আবদুল হালিম।


