বেরেলিতে ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টারকে ঘিরে চলতে থাকা উত্তেজনা ও পুলিশি দমননীতির প্রেক্ষিতে বুধবার কংগ্রেস নেতা ও সাহারানপুরের সাংসদ ইমরান মাসুদ এবং অমরোহর প্রাক্তন সাংসদ কুনওয়ার দানিশ আলিকে গৃহবন্দি করে রাখা হয়। প্রশাসনের দাবি, তাদের সফরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারত। উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর শুক্রবারের নামাজের পর “আই লাভ মুহাম্মদ” প্রচার ঘিরে পুলিশের কঠোর পদক্ষেপে ব্যাপক গ্রেপ্তার ও সহিংসতার অভিযোগ ওঠে। এরপর থেকে বেয়ারেলি শহরে আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়া পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দুই সাংসদ সফরে যেতে চাইলে পুলিশ তা আটকায়।
কুনওয়ার দানিশ আলি অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত থেকেই পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে। তিনি এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। তার বক্তব্য, “বেরেলিকে ইচ্ছে করে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। নিরপরাধ যুবকদের গ্রেপ্তার করা হচ্ছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকার পুলিশকে ব্যবহার করে মানুষের কণ্ঠরোধ করতে চাইছে।”


