দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগে আচমকাই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে বিসিসিআই। উপস্থিত থাকবেন ভারতের কোচ গৌতম গম্ভীর, নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর ও বোর্ডের শীর্ষ কর্তারা। জানা গেছে, দলের নির্বাচন নিয়ে ধারাবাহিকতা, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা—এই তিন বিষয়ই আলোচনার মূল কেন্দ্র হবে।
স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে বোর্ড সচিব দেবজিত সাইপাইয়া ও যুগ্ম সচিব প্রভতেজ সিং ভাটিয়াও থাকতে পারেন। নতুন সভাপতি মিথুন মানহাস যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক টেস্ট সিরিজে ভারতের খেলার মধ্যে কিছু বিভ্রান্তিকর সিদ্ধান্তের ইঙ্গিত পেয়েছিল বোর্ড। তাই আগাম প্রস্তুতি নেওয়ার জন্যই এই আলোচনা।
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে গুঞ্জন থাকলেও তাঁদের এই বৈঠকে ডাকার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।


