হরিয়ানার গুরগাঁওতে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের মালদার সাতজন পরিযায়ী শ্রমিককে – আজমল হোসেন, লোকমান আলী, উসমান আলী, মানিরুল ইসলাম, সাদিকুল ইসলাম, পসেন দাস ও অভিজিৎ দাস। জানা গিয়েছে এরা সবাই হরিশ্চন্দ্রপুর থানার রাঙ্গাইপুরের ঠাকুরটোলার বাসিন্দা এবং গুরগাঁওতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের দাবি, শ্রমিকদের কাছে বৈধ ভোটার ও আধার কার্ড ছিল, তবুও পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রেখেছে। স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য এই পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে।


