শনিবার বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউটের বাসিন্দাদের জীবনে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। জানা গিয়েছে ভোর চারটে নাগাদ ভারী পুলিশ পাহারায় গ্রেটার বেঙ্গালুরু অথরিটির (জিবিএ) আধিকারিকরা শুরু করে এই উচ্ছেদ অভিযান। এক মুহূর্তে ঘরছাড়া হয়ে পড়ে প্রায় তিন হাজার মানুষ। ধ্বংসস্তূপের পাশে বসে থাকা এক বৃদ্ধা মুসলিম মহিলা জানান তারা গত ৩০ বছর ধরে এখানেই থাকছেন। ভোটার কার্ড, আধার, প্যান সব নথি থাকা সত্ত্বেও কোনও রকম নোটিস না দিয়েই ঘর ভেঙে দেওয়া হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, ঘর ভাঙার আগে তাদের কোনও জিনিসপত্র সরানোর সুযোগ দেওয়া হয়নি। বুলডোজারে ভেঙে ফেলা হয়েছে ঘর, ঠেলাগাড়ি, আসবাব। জানা গিয়েছে বহু পরিবার অনেক বছর ধরে ছোটখাটো কাজ করে দিন কাটাত। অনেক শিশু পড়াশোনা করত সরকারি ও বেসরকারি স্কুলে।
এলাকার আরেক বাসিন্দা জানান, গত তিন বছর ধরে নানা ভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। উচ্ছেদের ঠিক আগের দিন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগও কেটে দেওয়া হয়। তবুও প্রশাসনের তরফে কোনও স্পষ্ট নির্দেশ বা পুনর্বাসনের আশ্বাস মেলেনি। জিবিএ কর্তৃপক্ষের দাবি, একটি পুকুর সংলগ্ন সরকারি জমিতে বেআইনি ভাবে ঘর তৈরি করা হয়েছিল। তবে বাসিন্দাদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করছেন এবং কখনও উচ্ছেদের নোটিস পাননি। উচ্ছেদের সময় এলপিজি সিলিন্ডার ও দাহ্য সামগ্রী সরিয়ে নেওয়া হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।


