লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩৭০টির বেশি আসনে জিততে যাচ্ছে বলে দাবি করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।
শনিবার লোকসভা নির্বাচনের সর্বশেষ ধাপের ভোট গ্রহণ শেষে জেপি নাড্ডা এক ভিডিও বার্তায় এ দাবি করেন।
তিনি বলেন, যাঁরা তোষামোদি ও পরিবারতন্ত্রের রাজনীতি করে, দুর্নীতি করে, ভোটারেরা নির্বাচনে তাঁদের উপেক্ষা করেছে। বিজেপি ৩৭০টির বেশি আসন পাবে। আর বিজেপির নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) পাবে ৪০০ এর বেশি আসন।
জেপি নাড্ডা বলেন, নির্বাচনের সর্বশেষ ধাপ শেষ হয়েছে। যথাযথ আয়োজনের মাধ্যমে সফলভাবে ভোট গ্রহণ শেষ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের এই দেশে নির্বাচন কমিশন কীভাবে ভোটগ্রহণ শেষ করল, তা দেখার মতো বিষয়।
তিনি বলেন, ‘আমি কমিশনসংশ্লিষ্ট কয়েক লাখ নির্বাচন কর্মকর্তা-কর্মী ও নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তাঁদের, যাঁরা তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ভোট দিয়েছেন, বিশেষ করে প্রথমবারের মতো যাঁরা ভোট দিয়েছেন।’
উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচন হয়েছে সাত দফায়। প্রথম দফায় ভোট হয়েছে ১৯ এপ্রিল। শনিবার শেষ ও সপ্তম দফায় ভোট হয়।


