শেষ ধাপের নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো ১৮তম লোকসভা নির্বাচন। এই নির্বাচনে প্রচারের জন্যেই আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
মেয়াদ শেষ হওয়ায় আবারও জেলে ফিরতে হচ্ছে তাকে। রবিবার তিহার জেলে আত্মসমর্পণ করতে যাবেন তিনি।
উল্লেখ্য, কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। সুপ্রিম কোর্ট লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল। ভোট শেষ হলেই তাকে আত্মসমর্পণ করতে বলেছিল আদালত।
কেজরিওয়াল নিজেই জানিয়েছেন, ভোট শেষে রবিবার বিকাল ৩ টার দিকে বাড়ি ছেড়ে জেলের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।
অবশ্য শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আরও ৭ দিনের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। কিন্তু শনিবার দীর্ঘ শুনানির পর তার অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন আগামী ৫ জুন পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিচারক কাবেরী বায়েজা।


