উত্তরপ্রদেশের বারাণসীর সিগরা এলাকায় একটি ফ্ল্যাটে চুপিসারে দেহব্যবসা চলার অভিযোগ বিজেপি নেত্রী শালিনী যাদবের বিরুদ্ধে। স্থানীয় পুলিস হানা দিয়ে সেখানে একটি বড় চক্রের খোঁজ পায়। ঘটনাস্থল থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৯ জন মহিলা ও ৪ জন পুরুষ। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, মোবাইল ফোন এবং সন্দেহজনক সামগ্রী।
ঘটনার পরে রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে, কারণ অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি নেত্রী শালিনী যাদব। তবে তিনি এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন।
শালিনীর স্বামী অরুণ যাদবও জানান, ফ্ল্যাটটি তাদের নামে থাকলেও বহু বছর আগে ভাড়া দেওয়া হয়েছিল। সেই ফ্ল্যাটে কী হচ্ছে, তা তাদের জানা ছিল না বলেই দাবি করেন।
পুলিস সূত্রে জানা যায়, আটক মহিলাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলা থেকে এ চক্রের সঙ্গে যুক্তরা এই ফ্ল্যাটে আসত। শুধু সিগরা নয়, শহরের মাহমুরগঞ্জ, ভেলুপুর ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু স্পা-তেও হানা দিয়েছে পুলিস। তদন্তকারীদের ধারণা, এই চক্র আরও বড় পরিসরে কাজ করছিল।
এদিকে রাজনৈতিক দিক থেকেও শালিনী যাদবকে ঘিরে আলোচনা নতুন নয়। পেশায় তিনি ফ্যাশন ডিজাইনার হলেও দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। কংগ্রেস ও সমাজবাদী পার্টি হয়ে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৯ সালে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।


