Sunday, November 15, 2026
28 C
Kolkata

বাংলায় এখনও চলছে তোলাবাজি! স্বীকারোক্তি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

বাংলায় রাজনৈতিক পালাবদলের ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায় তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি। শনিবার দিল্লিতে দাঁড়িয়ে কার্যত তা স্বীকার করে নিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাঁর স্পষ্ট বক্তব্য, তোলাবাজি বন্ধ না হলে সাধারণ মানুষের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়। একই সময়ে দলের নাম ভাঙিয়ে তোলাবাজি, দখলদারি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে শোকজ করার প্রস্তুতি নিচ্ছে বঙ্গ বিজেপি। ফলে একদিকে সরকারের তরফে তোলাবাজি বন্ধের বার্তা, অন্যদিকে দলের অন্দরে শৃঙ্খলার প্রশ্নে কড়া পদক্ষেপের সম্ভাবনা—দুইয়ে মিলিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

শনিবার নয়াদিল্লির ভারতমণ্ডপমে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানেই রাজ্যের বিভিন্ন এলাকায় তোলাবাজি চলার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তোলাবাজি এখনও যে চলছে, এটা সত্যি কথা। যত দিন এটা বন্ধ না হবে, তত দিন পুরোপুরি মানুষের আস্থা ফিরে আসবে না।’’

শুধু রাজ্যের বিভিন্ন এলাকা নয়, নিজের বিধানসভা কেন্দ্র রাসবিহারীতেও যে তোলাবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি, সে কথাও স্বীকার করেছেন অর্থমন্ত্রী। তাঁর কথায়, ‘‘ব্যক্তিগতভাবে আমার বিধানসভার মধ্যে যতটা বন্ধ করতে পেরেছি, করেছি। তাও যে পুরোপুরি, হান্ড্রেড পারসেন্ট করতে পেরেছি, তা নয়। এখন এটা লোকেদের একটা অভ্যাস হয়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় কিছু না কিছু হচ্ছে, তোলাবাজি হচ্ছে। এটাই যেন নিউ নর্মাল।’’

অর্থমন্ত্রীর মতে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা এই তোলাবাজির সংস্কৃতি বন্ধ করতে হবে। এর আগে বিভিন্ন শিল্প সম্মেলন ও বণিকসভার কর্মসূচিতেও তিনি একাধিকবার জানিয়েছেন, রাজ্যে নতুন বিনিয়োগ আনতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি তোলাবাজি, কাটমানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করা জরুরি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার শিল্পপতি ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরির স্বার্থে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার বার্তা দিয়েছেন।

এদিকে দলের নাম ভাঙিয়ে তোলাবাজি ও দখলদারির অভিযোগে নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধেই এবার কড়া পদক্ষেপের পথে বিজেপি। সূত্রের খবর, দ্বিতীয় দফায় ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে শোকজ করার প্রস্তুতি চলছে। প্রথমে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। সন্তোষজনক জবাব না মিললে সাসপেনশনের মতো শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে। এর আগে প্রথম দফায় দলবিরোধী কার্যকলাপ, দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে শতাধিক নেতা-কর্মীকে সাসপেন্ড করেছিল বঙ্গ বিজেপি।

দলের একাংশের বিরুদ্ধে লাগাতার অভিযোগ জমা পড়ায় ক্ষুব্ধ রাজ্য নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য আগেই সতর্ক করেছিলেন, দলের পতাকা ও পরিচয় ব্যবহার করে কেউ অরাজকতা চালালে তা বরদাস্ত করা হবে না। শুক্রবারও তিনি বলেন, ‘‘এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যারা পার্টির পতাকাকে, পার্টির রংকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন।’’ মণ্ডল সভাপতিদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

দলীয় সূত্রে খবর, পুজোর পর অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করতে পারে। মণ্ডল সভাপতি-সহ বিভিন্ন স্তরের পদাধিকারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগও সামনে এসেছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘যদি ভাবেন তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের দেখানো পথে পা ফেলবেন, তা হলে দুধ থেকে তোলা মাছির মতো ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা বিজেপির ফর্মুলা। অনেক বড় বড় রথী-মহারথীকেও এরকম হতে দেখেছি।’’

একই সুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘কেউ বিজেপির নাম করে পার্টি অফিস দখল করবে, অন্য দলের লোকজনকে সঙ্গে নিয়ে তোলাবাজি করবে, এসব বরদাস্ত করা হবে না। অভিযোগ থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’

সব মিলিয়ে রাজ্যে তোলাবাজি বন্ধের প্রশ্ন এখন সরকারের পাশাপাশি শাসকদল বিজেপির কাছেও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অর্থমন্ত্রীর স্বীকারোক্তি এবং দলের অন্দরে শোকজ-সাসপেনশনের প্রস্তুতি—দুই ঘটনাই রাজ্যে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

Hot this week

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

ছটপুজোয় দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান, তৃণমূল পরিচালিত পুরসভার ফতোয়াকে সমর্থন বিজেপির!

ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের...

‘আট বছর RSS করেছি’ – বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন কৃষ্ণেন্দু!

রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মালদহে! তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার...

Topics

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

‘আট বছর RSS করেছি’ – বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন কৃষ্ণেন্দু!

রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মালদহে! তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার...

Related Articles

Popular Categories