পূর্ব বর্ধমান জেলার রায়না ও খণ্ডঘোষ এলাকায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বড় ক্ষতির মুখে পড়েছেন সুগন্ধি ধান চাষিরা। দমকা হাওয়া ও টানা বৃষ্টিতে গোবিন্দভোগ ও খাস ধানের ফলন্ত গাছ মাটিতে নুইয়ে পড়েছে। অনেক জায়গায় জমিতে জল জমে ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। চাষিদের আশঙ্কা, এবার এক তৃতীয়াংশ ফলনও নাও মিলতে পারে।
গত বছর ভালো দাম পাওয়ায় এ বছর অনেকেই ঋণ নিয়ে গোবিন্দভোগ চাষ করেছিলেন। এখন সেই ঋণ শোধ নিয়েই দুশ্চিন্তায় আছেন কৃষকরা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মেহেবুব মন্ডল জানিয়েছেন, ক্ষতির রিপোর্ট তৈরি হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
প্রায় ৪৭ হাজার হেক্টর জমিতে এই জেলায় সুগন্ধি ধানের চাষ হয়, যার বড় অংশই দক্ষিণ দামোদর এলাকায়। এই ঘূর্ণিঝড়ে রাজ্যের ‘শস্য ভাণ্ডার’-এ যে ধাক্কা লেগেছে, তা সামাল দিতে সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।


