এপিস্টিন-কাণ্ড ঘিরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর পদত্যাগের দাবিতে শুক্রবার সংসদ চত্বরে বিক্ষোভ দেখাল বিরোধী শিবির। কংগ্রেস-সহ একাধিক দলের সাংসদেরা দাবি তোলেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত মন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত।
বিরোধীদের বক্তব্য, একাধিক আন্তর্জাতিক নথি ও ই-মেল যোগাযোগে মন্ত্রীর নাম উঠে আসায় প্রশ্নের মুখে পড়েছে সরকারের অবস্থান। তাঁদের অভিযোগ, বিষয়টি স্পষ্ট করতে কেন্দ্র এখনও পর্যন্ত নির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। লোকসভা অধিবেশন মুলতবি হওয়ার পর সংসদ ভবনের বাইরে জোটবদ্ধ হয়ে স্লোগান তোলেন বিরোধী সাংসদেরা।
অন্যদিকে, মন্ত্রী হরদীপ সিং পুরী আগেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, একটি সামাজিক অনুষ্ঠানে বহু মানুষের সঙ্গে আলাপচারিতাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে। তিনি বলেন, “যে কোনও তদন্তে আমি সহযোগিতা করতে প্রস্তুত। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও ভিত্তি নেই।”
বিজেপি শিবিরও মন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। দলের তরফে জানানো হয়েছে, ভিত্তিহীন অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। তবে বিরোধীরা অনড়। তাঁদের কথায়, স্বচ্ছতার স্বার্থেই বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
এদিকে, ৯ মার্চ পর্যন্ত সংসদের প্রথম পর্ব চলবে। তার আগেই এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।


