ভারত-সংযুক্ত একটি ইউরোপীয় সংস্থাকে মোটা অঙ্কের গোলাবারুদ সরবরাহের বরাত দিয়ে বিপাকে পড়েছেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর। প্রায় ৭ কোটি ইউরোর এই সামরিক চুক্তিতে অনিয়ম ও কাজের গাফিলতির অভিযোগ উঠতেই পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি। অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাটি নির্ধারিত সময়ে পর্যাপ্ত ও গুণমানসম্পন্ন সামরিক সরঞ্জাম পাঠাতে ব্যর্থ হয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইতালির ‘ডেটাসেল’ নামক একটি ছোট সংস্থা, যার মালিকানা নাগপুরের একটি প্রভাবশালী ভারতীয় ব্যবসায়ী গোষ্ঠীর হাতে রয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আগে কোনো কাজের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই সংস্থাটি এস্তোনিয়া সরকারের কাছ থেকে বিশাল অঙ্কের গোলাবারুদ তৈরির বরাত পায়। এমনকি ইইউ-এর তহবিল থেকে অগ্রিম অর্থও দেওয়া হয়, যা ইউক্রেনের সামরিক সহায়তায় ব্যবহারের কথা ছিল।
তবে এস্তোনিয়ার সরকারি ক্রেতা সংস্থার দাবি, তারা চুক্তি অনুযায়ী সঠিক মানের গোলাবারুদ পায়নি। ফলে বাধ্য হয়ে চুক্তি বাতিল করে অগ্রিম অর্থ ফেরত চাওয়া হয়েছে। পাল্টা যুক্তি দিয়ে ভারতীয় সংস্থার আইনজীবীরা দাবি করেছেন, সরঞ্জাম পাঠাতে কিছুটা দেরি হলেও পণ্যের মান নিয়ে ওঠা অভিযোগ ভিত্তিহীন এবং চুক্তি বাতিলের দরুন সংস্থাই ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি এখন আন্তর্জাতিক আইনি দরবারে পৌঁছাতে চলেছে।
অন্যদিকে, অনভিজ্ঞ সংস্থায় কোটি কোটি টাকার চুক্তি ও কড়া অডিটের তোয়াক্কা না করার বিষয়টি প্রকাশ্যে আসতেই ইউরোপের রাজনীতিতে জোর শোরগোল পড়ে যায়। তীব্র চাপের মুখে ইস্তফা দেন প্রতিরক্ষামন্ত্রী, যা আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।


