পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান–এর স্বাস্থ্যের অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্বের ১৪ জন প্রাক্তন আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তান সরকারের কাছে একটি চিঠি পাঠিয়ে তাঁর যথাযথ চিকিৎসা ও মানবিক ব্যবহারের দাবি জানিয়েছেন। এই উদ্যোগে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার ও কপিল দেব–সহ আরও বহু খ্যাতনামা ক্রিকেটার সই করেছেন।
চিঠিতে তাঁরা জানিয়েছেন, ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা অত্যন্ত চিন্তার। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ইমরান খানের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন, কপিল -সুনীলরা। বিভিন্ন সূত্রে জানা যায়, চিকিৎসায় গাফিলতির কারণে তাঁর চোখের বড় অংশের দৃষ্টি কমে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইমরান খানের সমসাময়িক অধিনায়করা মনে করেন, একজন বিশ্বমানের ক্রীড়াবিদের সঙ্গে আন্তর্জাতিক মানবিক নীতিমালা মেনে আচরণ করা উচিত। তাঁরা স্মরণ করিয়ে দেন, ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল। খেলোয়াড় হিসেবে তাঁর অবদান অসাধারণ। অনেকেই তাঁর বিরুদ্ধে খেলেছেন, কিন্তু প্রতিভা ও নেতৃত্বের গুণ নিয়ে কারও সন্দেহ নেই। চিঠিতে আরও অনুরোধ করা হয়েছে, ইমরানকে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া হোক এবং তাঁর পরিবারের সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ নিশ্চিত করা হোক। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, পাকিস্তান সুপ্রিম কোর্ট–এর নির্দেশে গঠিত একটি মেডিক্যাল বোর্ড সম্প্রতি রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, চশমা ব্যবহারের ফলে দৃষ্টিশক্তির কিছুটা উন্নতি হয়েছে এবং চোখের রেটিনার ফোলাভাব কমেছে। তবে তাঁর ব্যক্তিগত চিকিৎসক উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।এই ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।


