সম্প্রতি জিএসটি হ্রাসের ফলে গাড়ির দামে ছাড় এসেছে ঠিকই, কিন্তু এই সুবিধার প্রচারের নামে এক বিচিত্র সিদ্ধান্ত নিয়েছে ভারী শিল্প মন্ত্রক।দেশের সমস্ত গাড়ি এবং টু-হুইলার শোরুমে একটি পোস্টার ঝোলানোর নির্দেশ দেওয়ায় হয়েছে যেখানে পুরনো ও নতুন দামের তুলনা থাকবে। শুধু তাই নয়, সেই পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি থাকা আবার বাধ্যতামূলক। এই নির্দেশ গাড়ি নির্মাতা সংস্থাগুলিকে সিয়াম এর মাধ্যমে জানানো হয়েছে বলে জানা যায়। এই নির্দেশ পালন করতে এখন সমস্ত কোম্পানি নিজেদের খরচায় পোস্টার তৈরি করতে এবং তা অনুমোদনের জন্য মন্ত্রকে পাঠাতে উদ্বিগ্ন। কিন্তু এখানেই শেষ নয়, প্রতিটি রাজ্যের ভাষা অনুযায়ী আলাদা পোস্টার বানাতে হতে পারে বলে অনেকে মনে করছেন। এতে খরচ বাড়বে কয়েক কোটি টাকা। শিল্প মহলের একাংশ বলছে, পুরো প্রক্রিয়াটিতে প্রায় ২০–৩০ কোটি টাকা ব্যয় হবে কিন্তু কার খরচে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে বিলাসবহুল গাড়ির কোম্পানিগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে। তাহলে কি প্রচারের সুবিধার্থেই শুধু ছোট-বড় গাড়ির শোরুমে প্রধানমন্ত্রীর ছবি লাগানো বাধ্যতামূলক। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে গাড়ি শিল্পে যেমন উঠছে প্রশ্ন, তেমনি জিএসটি ছাড় দেওয়া সরকারের দায়িত্ব, সেটা পোস্টারের মাধম্যে প্রধানমন্ত্রীকে নায়ক বানিয়ে দেখানো কতটা যুক্তিসঙ্গত বলে দাবি করছে সাধারণ মানুষের অধিকাংশ।


