২০২৬ সালের হজযাত্রা নির্বিঘ্নে করতে হজ গ্রুপ অর্গানাইজার ও প্রাইভেট ট্যুর অপারেটরদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। হজযাত্রীদের আবাসন, পরিবহন ও অন্যান্য পরিষেবা ঠিক সময়ে এবং সঠিকভাবে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জারি করা এই বিজ্ঞপ্তিতে জানান, সউদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের হজের জন্য আবাসন ও পরিষেবা সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬। এই চুক্তিগুলি এবার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে হজযাত্রীদের থাকা, যাতায়াত ও অন্যান্য পরিষেবায় কোনও সমস্যা না হয়। যেসব হজযাত্রী প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে হজ করতে চান, তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবাসন ও পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় পদ্ধতিগত সম্মতিও জমা দিতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, হজ গ্রুপ অর্গানাইজার বা প্রাইভেট ট্যুর অপারেটরের মাধ্যমে হজে যেতে ইচ্ছুক সকল যাত্রীকে আগামী ১৫ জানুয়ারির মধ্যে বুকিং সম্পন্ন করতে হবে। সংখ্যালঘু মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়মতো বুকিং না হলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরিষেবা ও আবাসন নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। তাই সকলকে নির্ধারিত সময়সীমা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।


