২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্বপ্নকে ঘিরে নানা প্রচারও চলছে। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মানুষের আয়, কর্মসংস্থান ও সম্পদের বৈষম্যের ছবি তুলে ধরে সেই লক্ষ্য নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট অর্থনীতিবিদ পারাকলা প্রভাকর। তাঁর মতে, দেশের অর্থনীতির ভিত মজবুত না করে শুধু স্লোগান দিয়ে বিকশিত ভারত গড়া সম্ভব নয়। বরং সরকারের নীতি এবং অর্থনৈতিক ব্যবস্থার নানা সমস্যা দেশের সংকট আরও বাড়াচ্ছে।কলকাতায় বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত একটি স্মারক বক্তৃতায় বক্তব্য রাখেন প্রভাকর। সেখানে তিনি কেন্দ্রের অর্থনৈতিক নীতি, বেকারত্ব এবং সম্পদের অসম বণ্টন নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তাঁর দাবি, ভারত ব্রিটেনের অর্থনীতিকে পিছনে ফেলেছে বলে সরকার যে প্রচার করছে, তাতে দেশের সাধারণ মানুষের প্রকৃত আর্থিক অবস্থার ছবি ধরা পড়ে না।প্রভাকর জানান, ব্রিটেনে মাথাপিছু আয় প্রায় ৬১ হাজার ডলার। অথচ ভারতের প্রায় ৯০ শতাংশ মানুষের মাথাপিছু আয় মাত্র ১ হাজার ৩৪৩ ডলার। দেশের মোট সম্পদের ৫৮ শতাংশ রয়েছে মাত্র ১০ শতাংশ মানুষের হাতে। তাঁর মতে, এই পরিসংখ্যানই প্রমাণ করে যে দেশের অর্থনৈতিক উন্নতির সুফল সব মানুষের কাছে পৌঁছচ্ছে না।২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হতে গেলে ভারতের মাথাপিছু আয় বর্তমান বাজারদরের হিসাবে ১৪ হাজার ডলারের বেশি হওয়া প্রয়োজন বলে জানান তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। তাঁর যুক্তি, এখন দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও ২০৪০ সালের মধ্যে তাঁদের একটি বড় অংশ কর্মক্ষম বয়স পেরিয়ে যাবেন। ফলে তার মাত্র সাত বছর পর ভারতকে ধনী দেশে পরিণত করার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন।দেশের বেকারত্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রভাকর। তাঁর অভিযোগ, যুবকদের দক্ষতা বাড়ানোর জন্য যে প্রশিক্ষণ প্রকল্প চালানো হচ্ছে, সেখানেও অনিয়ম রয়েছে। এই বিষয়ে ক্যাগের রিপোর্টের কথাও উল্লেখ করেন তিনি।এছাড়াও দেশের অর্থনৈতিক পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন প্রভাকর। তাঁর দাবি, ভারতের জিডিপি হিসাবের স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক মহলেও সংশয় রয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ ভারতের সরকারি পরিসংখ্যানকে ‘সি’ গ্রেড দিয়েছে বলেও জানান তিনি।টাকার দাম ধরে রাখতে রিজার্ভ ব্যাঙ্ককে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তা সত্ত্বেও এশিয়ার দুর্বল মুদ্রাগুলির মধ্যে ভারতীয় টাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রভাকর।সবশেষে তাঁর বক্তব্য, দেশের প্রকৃত সমস্যাগুলি স্বীকার না করলে অর্থনীতির উন্নতি সম্ভব নয়। বৈষম্য, বেকারত্ব এবং সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতা দূর না করে শুধু উন্নয়নের প্রচার চালালে ২০৪৭ সালের লক্ষ্য পূরণ হবে না।
২০৪৭-এ ‘বিকশিত ভারত’ আকাশকুসুম কল্পনা, মোদি সরকারের অর্থনীতি নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদ পারাকলা প্রভাকরের
Popular Categories


