উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়-এ লাল বরাদারি মসজিদ ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ক্যাম্পাসের ভেতরে অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদ বন্ধ করে দেওয়া এবং ১৮ জন শিক্ষার্থীর নামে মামলা দায়েরের ঘটনায় ছাত্রসমাজ ক্ষুব্ধ। তারা নতুন করে আন্দোলনের ডাক দিয়েছে।
লখনউ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি রমজান মাসে নামাজের জন্য আলাদা জায়গার ব্যবস্থার দাবি করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে মসজিদ অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এই সিদ্ধান্তের পরেই বিতর্ক শুরু হয়। এর প্রতিবাদে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের চত্বরে নামাজ আদায় করেন। সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কিছু হিন্দু ছাত্র নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানববন্ধন গড়ে তুলেছে। পরিস্থিতি আরও জটিল হয় যখন অভিযোগ ওঠে, পরদিন কয়েকটি ডানপন্থী সংগঠন সেখানে ধর্মীয় পাঠ করার চেষ্টা করে। এরপর ২২ ফেব্রুয়ারির বিক্ষোভের ঘটনায় পুলিশ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।


