মালদার কালিয়াচকের প্রত্যন্ত এলাকা কালিকাপুর কবিরাজপাড়ার মেয়ে সাইরিন পারভিন, নেপালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইউথ স্পোর্টস ইনডোর চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জিতে নজির গড়েছে সবার। মাত্র ১৮ বছর বয়সেই দুটি সোনার পদক ঘরে তুলে নিয়ে নিজের এলাকার মুখ উজ্জ্বল করেছে দ্বাদশ শ্রেণির এই ছাত্রী। সাইরিন কালিয়াচক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তার বাবা হাফিজুল শেখ পেশায় ট্রাক চালক এবং মা আলেনুর বিবি একজন গৃহবধূ। জানা গিয়েছে ছোট থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ ছিল সাইরিনের। এর আগে রাজ্য এবং জাতীয় স্তরেও অংশ নিয়েছে সাইরিন।
অভাবের সংসারে শুধু পড়াশোনা নয়, খেলাধুলার খরচ চালাতে নিজেই পোশাক সেলাই করে টাকা জোগাড় করে নেপালে প্রতিযোগিতায় অংশ নেয় সাইরিন। নেপাল থেকে ফিরেই সাইরিনের পরবর্তী লক্ষ্য এখন এশিয়ান গেমস। সাইরিন জানায়, “দুটি ইভেন্টে সোনা জিতে খুব ভালো লাগছে। এবার এশিয়ান গেমসে খেলার জন্য প্রস্তুতি শুরু করেছি।”


