মেদিনীপুর শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান সুফি সাধক ‘মওলা পাক’ হযরত সৈয়দ শাহ মুরশেদ আলী আল-কাদেরী আল-বাগদাদীর ১২৫তম উরস শরিফ। মঙ্গলবার ৪ ফাল্গুন এই পবিত্র অনুষ্ঠান ঘিরে শহরের জোড়া মসজিদ প্রাঙ্গণ, সংলগ্ন দায়রা শরিফ এবং কাঁসাই নদীর তীরে অবস্থিত ইস্ত্রীগঞ্জের সাধনাস্থল ভক্তদের উপস্থিতিতে ভরে ওঠে।
এ বছরের ওরস পরিচালনা করেন মওলা পাকের বর্তমান উত্তরসূরি সাজ্জাদানশিন হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল-কাদেরী আল-বাগদাদী। তাঁর নেতৃত্বে দিনভর নানা ধর্মীয় কর্মসূচি পালিত হয়। জানা যায়, কাদেরিয়া তরিকার প্রবর্তক বড় পীর সাহেব হযরত আবদুল কাদির জিলানীর ১৯তম বংশধর ছিলেন এই বিশিষ্ট সাধক। তিনি ১৩০৭ বঙ্গাব্দের ৪ ফাল্গুন ইন্তেকাল করেন। সেই সময় থেকে প্রতিবছর এই দিনটিতে তাঁর স্মরণে ওরস অনুষ্ঠিত হয়ে আসছে।
উৎসব উপলক্ষে জোড়া মসজিদে কোরআনখানি, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। পাশাপাশি দায়রা শরিফে বসে ধর্মীয় আলোচনা সভা। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম ও বক্তারা মওলা পাকের জীবনাদর্শ, মানবপ্রেম এবং ইসলামের মূল শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ওরসকে ঘিরে বিভিন্ন জেলা ও রাজ্য ছাড়াও দেশের বাইরের বহু ভক্ত ও অনুরাগী মেদিনীপুরে আসেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন। ফলে জোড়া মসজিদ এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। সার্বিকভাবে ভক্তিমূলক পরিবেশে সম্পন্ন হয় এবারের ওরস শরিফ।


